ফুটন্ত তেলে হাত ডুবিয়ে সিংগাড়া ভাজেন রাকিব

ওমর ফারুক, আত্রাই: কড়াইয়ের টগবগে গরম তেলে এক ফোঁটা পানি পড়লে যেখানে ছ্যাঁত করে ওঠে, সেখানে অনায়াসেই ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ও সিংগারা ভাজছেন এক তরুণ। কোনো হাতা বা খুন্তি নয়, বরং খালি হাতেই আগুন-গরম তেলের ভেতর থেকে তুলে আনছেন মুচমুচে খাবার। নওগাঁর আত্রাই উপজেলার চকশিমলা চকবাজারে তরুণ উদ্যোক্তা রাকিব আকন্দের এমন অদ্ভুত কৌশল দেখে রীতিমতো হতবাক এলাকাবাসী।
চকশিমলা গ্রামের নাসির উদ্দীন আকন্দের ছেলে রাকিব আকন্দ। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি মেজ। শৈশব থেকেই অভাবের সাথে লড়াই করতে হয়েছে তাকে। স্বপ্ন ছিল পড়াশোনা করে অনেক বড় হওয়ার, কিন্তু দারিদ্র্যের কারণে সপ্তম শ্রেণির পর আর এগোতে পারেনি কলম। তবে পড়াশোনার ইচ্ছা মনে চেপে রেখেই জীবনযুদ্ধে জয়ী হওয়ার সংকল্প নেন এই তরুণ।
নিজের পায়ে দাঁড়ানোর অদম্য স্পৃহা নিয়ে চকশিমলা বাজারে একটি ছোট দোকান ভাড়া নিয়েছেন রাকিব। সেখানে প্রতিদিন পিয়াজি, ডালপুরি ও সিংগারা তৈরি করেন তিনি। সাধারণত গরম তেলের ছিটে লাগলে যেখানে শরীর ঝলসে যাওয়ার ভয় থাকে, সেখানে রাকিবের কোনো বিকার নেই। তাঁর এই অবিশ্বাস্য কৌশল দেখতে প্রতিদিন দোকানে ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ।
খালি হাতে ফুটন্ত তেল থেকে পিয়াজি তোলার দৃশ্য সচরাচর দেখা যায় না। আমরা অবাক হয়ে তাঁর কাজ দেখি। শুধু এই দৃশ্য দেখার জন্যই অনেকে এখানে ভিড় করেন। নিজের কাজ নিয়ে রাকিব বলেন, ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছি। পড়াশোনা করতে না পারার দুঃখ আছে, কিন্তু এখন এই দোকানটিই আমার সব। আমি পরিশ্রম করে আমার অভাবকে জয় করতে চাই এবং নিজের কাজকে সম্মান করি।
এলাকাবাসী মনে করেন, রাকিবের মতো অদম্য মেধাবী ও সাহসী তরুণকে যদি সরকারি বা বেসরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া যায়, তবে তিনি তাঁর ব্যবসাকে আরও বড় করতে পারবেন। এতে তাঁর নিজের উন্নয়নের পাশাপাশি আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬ | সময়: ৪:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ