বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে মাওলানা মনজুর রহমানকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী করা হয়েছে। ইসির পক্ষ থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ও গণসংযোগে নামেন প্রার্থীরা। এই আসনেও তার ব্যত্যয় ঘটেনি। এই আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান প্রতিদিনই সংসদীয় এলাকায় সাধারণ ভোটার ও নানা শ্রেণী-পেশার মানুষের সাথে কুশলাদি বিনিময় করছেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন।
রোববার দিনব্যাপী পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে দিনব্যাপী গণসংযোগ করেন মাওলানা মনজুর রহমান।
এ সময় বাসুপাড়া বাজার, তেতুলিয়া, কার্তিকপাড়া বাজার, শক্তিপাড়া, রাতোয়াল, সড়গাছি, মালিপাড়া, সাধনপুর, জগদীশপুর, পচামাড়িয়া বাজার, সাধনপুর বাজার ও মোল্লাপাড়া বাজার সহ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
মাওলানা মনজুর রহমান গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠণে জনগণের সমর্থন প্রয়োজন। ফলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
এ সময় ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি এএইচএম মনসুরুল হক, ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সেক্রেটারি আব্দুর রব হোসেন, জামায়াত নেতা নুর আলম ও হাসান আল-মামুন, ছাত্রনেতা মারুফ হোসেন, শিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহবুব আলম, সেক্রেটারি বাবলুর রহমান, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জামায়াত প্রার্থীকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় অনেক সাধারণ ভোটার আগ্রহের সঙ্গে প্রার্থীর বক্তব্য শোনেন এবং গণসংযোগে অংশ নেন।