সর্বশেষ সংবাদ :

শততম ম্যাচে ডি ককের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: নিজের শততম টি-টোয়েন্টিকে স্মরণীয় করে রাখলেন কুইন্টন ডি কক। তার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাত উইকেটের বড় জয় পায় প্রোটিয়ারা। ২২২ রানের কঠিন লক্ষ্য মাত্র ১৮.৩ ওভারেই টপকে দেয় তারা।
এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তোলেন ডি কক। মাত্র ৪৯ বলে ১১৫ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। ইনিংসটি সাজান ১০টি ছক্কা ও ছয়টি চারে। মজার ব্যাপার হলো, এই ইনিংস খেলতে তিনি ব্যাট করেছিলেন সতীর্থ ডেওয়াল্ড ব্রেভিসের কাছ থেকে ধার নেওয়া ব্যাট দিয়ে।
ডি ককের সঙ্গে সঙ্গ দেন আরেক বাঁহাতি ব্যাটার রায়ান রিকেলটন। অপরাজিত ৭৭ রান করেন তিনি, খেলেন মাত্র ৩৬ বল। ক্যারিয়ারসেরা এই ইনিংসে ছিল নয়টি চার ও তিনটি ছক্কা। হাতে তখনও ছিল ১৫ বল। এই দুজন মিলে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ একপ্রকার ছিন্নভিন্ন করে দেন। জুটিতে মাত্র ১১.৫ ওভারে যোগ করেন ১৯২ রান। পুরো ইনিংস জুড়েই রান ওঠে ওভারপ্রতি ১২-এর বেশি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২২৫ রান।
ম্যাচ শেষে অধিনায়ক এইডেন মার্করাম দুই ব্যাটারের প্রশংসা করেন। তিনি বলেন, ডি ককের ইনিংসটি দর্শকদের জন্য বিশেষ ছিল। পাশাপাশি রিকেলটনের শান্ত ও পরিণত ব্যাটিং দলকে টানা দ্বিতীয় ম্যাচেও সহজ জয় এনে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বড় সংগ্রহ গড়ে। ৪ উইকেটে ২২১ রান তোলে ক্যারিবীয়রা। শিমরন হেটমায়ার ৪২ বলে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলেন। ওপেনার ব্র্যান্ডন কিং করেন ৪৯ রান। শেষদিকে শারফেন রাদারফোর্ড অপরাজিত ৫৭ রান করেন। রোমারিও শেফার্ডের সঙ্গে তার ৭৬ রানের জুটি ইনিংসকে বড় সংগ্রহে নিয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে কার্যকর ছিলেন স্পিনার কেশভ মহারাজ। চার ওভারে মাত্র ২২ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। এই সিরিজের আগে টানা পাঁচটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয় দিয়ে সেই খরা কাটাল তারা। একই সঙ্গে প্রধান কোচ শুকরি কনরাডের অধীনে এটিই প্রোটিয়াদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এরপরই দুই দল মনোযোগ দেবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে।


প্রকাশিত: January 31, 2026 | সময়: 7:11 am | সুমন শেখ

আরও খবর