, , ।
স্টাফ রির্পোটার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি জনসভায় যোগ দিতে নিজ বিভাগ রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় তিনি বিমানে করে রাজশাহীতে পৌঁছান। রাজশাহী পৌঁছে নগরীর দরগাপাড়ায় হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন তিনি এবং সেখানে যোহরের নামাজ পড়েছেন। শেষে উপস্থিত নেতৃবৃন্দের সাথে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি প্রধান।
এরপর দুপুর ২টায় রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেন তিনি। জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। সমাবেশে তিনি এই তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন। রাজশাহীর সমাবেশ শেষ করে সড়ক পথে নওগাঁ ও বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান। পথে আজ বিকেলে নওগাঁর এটিম মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় ভাষণ দিয়েছেন তিনি।
এই সভায় নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরা অংশ নিয়েছেন দলীয় সূত্রে জানা যায়। এরপর সন্ধ্যায় নিজের নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। রাতে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। পরে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন।