সর্বশেষ সংবাদ :

বায়া শিশু পরিবারে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: “খেলাধুলায় গড়বো দেশ, তারুণ্যের বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে পবা উপজেলার বায়া সরকারি শিশু সদন প্রাঙ্গণে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়, যা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম তরুণ সমাজের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা তরুণদের মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলে।
বক্তারা আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল শক্তি। খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে একটি শক্তিশালী, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক কামাল উদ্দিন বিশ্বাস, উপ-মহাপুলিশ কমিশনার মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, আরএমপি পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিশু ও কিশোর অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশ অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।


প্রকাশিত: January 29, 2026 | সময়: 4:02 am | সুমন শেখ