বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নগরীতে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে অংশীজনদের নিয়ে রাজশাহীর বোয়ালিয়া ক্লাবে ”অংশীজন সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্লের সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় এ অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়।
এসিডি টীম লিডার (অ্যাডভোকেসি) সুব্রত কুমার পাল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আতিয়া তানসিমার সঞ্চালনায় এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম এসিডি’র প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন। সংলাপে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী।
প্রধান অতিথি বলেন, একটি সুন্দর ভবিষ্যত বিনির্মানে সমাজের সকল স্তরের নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে শিশু সুরক্ষায় ভূমিকা রাখবে। তিনি শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদারে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, বিমানবন্দর থানা অফিসার ইনচার্জ মাছুমা মোস্তারি বক্তব্য রাখেন। উন্মুক্ত আলোচনা অধিবেশনে অংশগ্রহণকারীরা শিশুদের অধিকার সমুন্নত রাখতে এবং সকল ধরণের বঞ্চনা ও শোষণ থেকে তাদের রক্ষা করার জন্য অংশীদারদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান। বক্তারা শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সমন্বিত পদক্ষেপ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর আইন প্রযোগের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশে শিশু যৌন শোষণ প্রতিরোধ এবং শিশু অধিকার প্রচারের জন্য সম্প্রদায় এবং প্রাতিষ্ঠানিক উভয় স্তরে প্রচেষ্টা জোরদার করার একটি যৌথ প্রতিশ্রুতির মাধ্যমে সংলাপটি শেষ হয়।
এসময় আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদা সুলতানা, সিএমএম কোর্টের প্রবেশন অফিসার মো. তারিক এলাহী, হিন্দু বিবাহ রেজিস্্রটার কৃষ্ণা দেবী, প্রেমতলী সুখবাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথান শিক্ষক মোসা. শাহনাজ আখতার, সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র মন্ডল, অ্যাডভোকেটি কানিজ ফাতেমা প্রমূখ।