, , ।
লালপুর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে উদ্দেশ্য করে অশালিন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা সেই বিএনপি নেতা রনজিত কুমার সরকারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। রনজিত কুমার সরকার নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
মঙ্গলবার নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম আফরোজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে রনজিত কুমার সরকারকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিস্কারের বিষয়টি জানানো হয়।
প্রসঙ্গত গত শনিবার বিকালে লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন কড়ইতলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক (সদ্য বহিস্কৃত) স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভা থেকে বিএনপি নেতা রনজিত কুমার সরকার বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন।