সর্বশেষ সংবাদ :

দুই দশকে এনবিআরের রাজস্ব আহরণ প্রায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে

স্টাফ রিপোর্টার: ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’ এই প্রত্যয়কে সামনে রেখে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬। সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা পরিষদ মিলনায়তনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর উদ্যোগে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। রাজশাহী কাস্টমসের কমিশনার মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক কর) মো. লুৎফুল আজীম। অনুষ্ঠানে দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী কাস্টমসের যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন।
সেমিনারে উপস্থাপিত তথ্যে জানানো হয়, গত দুই দশকে এনবিআরের রাজস্ব আহরণ প্রায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০০২-০৩ অর্থবছরে যেখানে আহরণ ছিল ২৩ হাজার ৬৫১ কোটি টাকা, সেখানে ২০২৪-২৫ অর্থবছরে তা দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকায়। ২০২৪-২৫ অর্থবছরে কাস্টমস ১ লাখ ১৯৮ কোটি টাকা আহরণ করেছে, যা এনবিআরের মোট রাজস্বের ২৭ শতাংশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে কাস্টমসের জন্য ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধি অর্জন করেছে, যেখানে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা সংগ্রহ হয়েছে, যা গত বছরের তুলনায় ২৩ হাজার ২০ কোটি টাকা বেশি।
সভায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশ কাস্টমস ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক অগ্রগতি সাধন করেছে। ই-পেমেন্ট ও ই-এলসি সুবিধাসহ ৪৭টি কাস্টমস অফিসকে অনলাইনে যুক্ত করা হয়েছে। এছাড়া ২১টি সংস্থার সাথে রিয়েল টাইম ডাটা আদান-প্রদান নিশ্চিত করায় প্রতিদিন গড়ে ১৭ হাজার বিল অব এন্ট্রি ও এক্সপোর্ট অটোমেটেড পদ্ধতিতে নিষ্পত্তি হচ্ছে। দ্রুত পণ্য খালাসের জন্য কন্টেইনার স্ক্যানার ও ইলেকট্রনিক কার্গো ট্র্যাকিং সিস্টেম (ঊঈঞঝ) স্থাপনের ফলে বাণিজ্য গতিশীল হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং বৈধ বাণিজ্যের প্রসারে কাস্টমস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ব্যবসায়িক নেতারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাল, চিনি ও তেলের মতো নিত্যপণ্যের শুল্ক যৌক্তিকীকরণের পদক্ষেপকে স্বাগত জানান।
প্রধান অতিথি মো. লুৎফুল আজীম বলেন, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের যেমন পেশাদার হতে হবে, তেমনি ব্যবসায়ীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে কমিশনার মুহা. মাহবুবুর রহমান আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা ও কর্মকর্তাদের নিষ্ঠার মাধ্যমেই ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার বিপ্লব কান্তি দাস, রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও উপমহাপরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের পরিবর্তে তার প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫০ সালে ব্রাসেলসে কাউন্সিল অব কাস্টমস কো-অপারেশন গঠিত হয়। ১৯৯৪ সালে এই সংস্থা নাম পরিবর্তন করে ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন (ডব্লিউএইচও) হিসেবে পরিচিতি পায় এবং বর্তমানে এটি ১৮৬টি দেশের সদস্য। ২০৩০ সালের মধ্যে সদস্য সংখ্যা ১৯৩-এ উন্নীত করা লক্ষ্য নির্ধারিত হয়েছে।


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬ | সময়: ৫:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ