পবা উপজেলায় শ্রেষ্ঠ কলেজ ও শিক্ষক সম্মাননা প্রদান

স্টাফ রির্পোটার: রাজশাহীর পবা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার সকালে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবা উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হওয়ায় নওহাটা সরকারি ডিগ্রি কলেজের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন কলেজের অধ্যক্ষ মোঃ সাঈদ আলী।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক কুমারী প্রীতিলতা মজুমদার। শিক্ষাক্ষেত্রে তার নিষ্ঠা, নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন মোঃ তাহেরুল মুন্না। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষাগত সাফল্যের জন্য তাকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে আরও বিভিন্ন শিক্ষা ও সহশিক্ষা ইভেন্টে অংশগ্রহণকারী একাধিক ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছিল কুইজ, বিতর্ক, রচনা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীরা। এ সময় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬ | সময়: ৪:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর