বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খবিরুল ইসলাম। প্রচারণার প্রথম দিনেই তিনি বেছে নিয়েছেন সমাজের শ্রমজীবী ও মেহনতি মানুষকে, যাদের হাত ধরেই উন্নয়নের চাকা সচল থাকে।
মঙ্গলবার ২৩ জানুয়ারি সকালে নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে সাধারণ শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি তার কার্যক্রম শুরু করেন। এসময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
শ্রমিকদের উদ্দেশ্যে খবিরুল ইসলাম বলেন, আজ আমি আমার এই পথচলা শুরু করলাম সেই সব মানুষের হাত ধরে, যারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে দেশের অর্থনীতিকে সচল রাখে। শ্রমিকরাই এই দেশের আসল শক্তি; তাদের ঘামেই আমাদের সমাজ ও সভ্যতা টিকে আছে। অথচ তারাই আজ সবচেয়ে বেশি অবহেলিত।
তিনি আরও যোগ করে বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমার এই যাত্রার শুরু যেমন আপনাদের সাথে নিয়ে হয়েছে, এর শেষ পর্যন্ত আমি মেহনতি মানুষের পাশেই থাকব। মহান আল্লাহর ইচ্ছায়, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি এবং আপনাদের সেবা করার সুযোগ পাই, তবে সংসদে আপনাদের অধিকার ও সম্মানের প্রশ্নে কোনো আপস করব না। মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমার মূল লক্ষ্য।
প্রচারণা শুরুর পর তিনি আত্রাই ও রাণীনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও মোড়ে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং এলাকার টেকসই উন্নয়নে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
স্থানীয়রা জানিয়েছেন, প্রথম দিনেই শ্রমিকদের সাথে নিয়ে প্রচারণায় নামায় সাধারণ ভোটারদের মধ্যে খবিরুল ইসলামকে নিয়ে ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে।