সর্বশেষ সংবাদ :

রাজশাহী ও নওগাঁয় ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ রির্পোটার: রাজশাহীর দুটি আসনের তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার তারা রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচনি সেল থেকে এ তথ্য জানা গেছে।
মনোনয়নপত্র প্রত্যাহার করা তিনজনের মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক আছেন। শেষ দিনের শেষ সময়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতের জোটে থাকা এলডিপির প্রার্থী ছিলেন মো. ওয়াহেদুজ্জামান। তিনিও শেষ দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে কোনো জোটে নেই। তবে এই আসনের দলটির প্রার্থী মুহাম্মদ ফজলুল করিম শেষ দিনে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এ ছাড়া রাজশাহীর আর কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। রাজশাহীর ছয়টি আসনেই বিএনপি ও জামায়াতের প্রার্থীরা রয়েছেন। এর মধ্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির দুই ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। এরা হলেন- লন্ডন প্রবাসী জিয়া পরিষদের নেতা রেজাউল করিম ও পুঠিয়া উপজেলা বিএনপির নেতা ইসফা খায়রুল হক শিমুল। শেষ দিনেও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
জামায়াত নেতৃত্বাধীন জোটে রয়েছে এবি পার্টি। তবে রাজশাহী-১ আসনে এবি পার্টির আব্দুর রহমান ও রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আসন দুটিতে জামায়াতের প্রার্থীদের পাশাপাশি তারাও ভোটের মাঠে থেকে গেলেন।
নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের কোনোটিতেই জামায়াতের জোটে থাকা জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে এবার মোট প্রার্থী থাকলেন ২৯ জন।
তবে রাজশাহী-১ আসনে সুলতানুল ইসলাম তারেক মনোনয়ন প্রত্যাহার করায় বিএনপিতে স্বত্বি বইছে। দুইজন প্রতিদ্বন্ধী থাকায় এই আসনে বিএনপির ভোট ভাগাভাগির সম্ভাবনা বেশ ছিল। শেষদিনে সুলতানুল ইসলাম তারেক মনোনয়ন প্রত্যাহার করায় বিএনপিতে ঐক্য ফিরে আসবে বলে মনে করছে তৃণমূলের নেতাকর্মীরা।
এছাড়াও নওগাঁর ৬টি আসনে চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন। বর্তমানে চুড়ান্ত প্রার্থী রয়েছে ৩২ জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নওগাঁর ছয়টি সংসদীয় আসনে চার জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে জেলার ছয়টি আসনে মোট ৩২জন প্রার্থী চুড়ান্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ইসলামী আন্দোলন প্রার্থী দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিসের প্রার্থী আব্দুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের হুমায়ুন কবির চৌধুরী এবং নওগাঁ-৫ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী কাজী আতিকুর রহমান।
আসন ভিত্তিক চুড়ান্ত ও মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন: নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের চুড়ান্ত প্রার্থীরা হলেন, মোস্তাফিজুর রহমান (বিএনপি), অধ্যক্ষ মাহবুবুল আলম (জামায়াত), আব্দুল হক শাহ (ইসলামী আন্দোলন), আকবর আলী (জাতীয় পার্টি) ও ডা. ছালেক চৌধুরী (বিএনপির স্বতন্ত্র প্রার্থী)। নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের প্রার্থীরা হলেন, সামসুজ্জোহা খান (বিএনপি), এনামুল হক (জামায়াত) ও মতিবুল ইসলাম (এবি পার্টি)। এই আসনের মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, ইসলামী আন্দোলনের প্রার্থী দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিস প্রার্থী আব্দুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিস হুমায়ুন কবির চৌধুরী।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের চুড়ান্ত প্রার্থীরা হলেন, ফজলে হুদা বাবুল (বিএনপি), মাহফুজুর রহমান (জামায়াত), মাসুদ রানা (জাতীয় পার্টি), কালিপদ সরকার (বাসদ), আব্দুল্লাহ আল মামুন সৈকত (বিএনএফ) ও নাসির বিন আসগর (ইসলামী আন্দোলন), পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (স্বতন্ত্র) ও সাদ্দাম হোসেন (স্বতন্ত্র)।
নওগাঁ-৪ (মান্দা) আসনের প্রার্থীরা হলেন, ইকরামুল বারী টিপু (বিএনপি), আব্দুর রাকিব (জামায়াত), আলতাফ হোসেন (জাতীয় পার্টি), সোহরাব হোসাইন (ইসলামী আন্দোলন) ও ডা. এস এম ফজলুর রহমান (সিপিবি) এবং আরফানা বেগম (স্বতন্ত্র)।
নওগাঁ-৫ (সদর) আসনের প্রার্থীরা হলেন, জাহিদুল ইসলাম ধলু (বিএনপি), আবু সাদাত মো. সায়েম (জামায়াত), শফিকুল ইসলাম (সিপিবি), আব্দুর রহমান (ইসলামী আন্দোলন), আনোয়ার হোসেন (জাতীয় পার্টি)। এই আস থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন কাজী আতিকুর রহমান (এবি পার্টি)।
নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের প্রার্থীরা হলেন, শেখ রেজাউল ইসলাম রেজু (বিএনপি), আলমগীর কবির (স্বতন্ত্র), খবিরুল ইসলাম (জামায়াত), রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন) এবং আতিকুর রহমান রতন মোল্লা (বাংলাদেশ রিপাবলিকান পার্টি)।


প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬ | সময়: ৫:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর