, , ।
স্পোর্টস ডেস্ক: তাওহিদ হৃদয়ের অনবদ্য ব্যাটিংয়ে লড়াকু পুঁজি গড়েছিল রংপুর রাইডার্স। তবে নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে সেই সংগ্রহ যথেষ্ট প্রমাণিত হয়নি। সহজ জয়ে সিলেট ও রংপুরকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় রাজশাহী। চলতি মৌসুমে অফফর্মে থাকা তানজিদ হাসান তামিম মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন।
দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন নম্বরে নেমে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ ওয়াসিমকে সাথে নিয়ে শুরু করেন পাল্টা আক্রমণ। দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করে মূল্যবান ১৪২ রান। মাত্র ২৮ বলে ফিফটি করা শান্ত শেষ পর্যন্ত ৪২ বলে ৭৬ রানের মারকুটে ইনিংস খেলেন।
অন্যপ্রান্তে মোহাম্মদ ওয়াসিম ছিলেন আরও বেশি অবিচল। ৫৯ বলে ৮৭ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুরের শুরুটা মোটেও ভালো ছিল না। কাইল মায়ার্স, লিটন দাস ও ইফতিখার আহমেদ দ্রুত বিদায় নিলে ৭২ রানেই ৩ উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেটে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে ১০৫ রানের বিশাল জুটি গড়েন তাওহিদ হৃদয়।
খুশদিল ২৯ বলে ৪৪ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন হৃদয়। ম্যাচের শেষ ওভারের নাটকীয়তায় সেঞ্চুরি বঞ্চিত হন হৃদয়। ব্যক্তিগত ৯৭ রানে অপরাজিত থাকা অবস্থায় শেষ বলে সেঞ্চুরির জন্য তার দরকার ছিল ৩ রান। কিন্তু জিমি নিশামের নিখুঁত ইয়র্কার ব্যাটে লাগলেও রান নিতে পারেননি তিনি। ফলে ৫৬ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় সাজানো ৯৭ রানের দুর্দান্ত ইনিংসটি কেবল ব্যক্তিগত আক্ষেপ হয়েই রয়ে যায়, কারণ দিনশেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী।