আলজেরিয়াকে বিদায় করে সেমিফাইনালে নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক: ভিক্টর ওসিমেন ও আকোর আদামসের দুর্দান্ত নৈপুণ্যে আফ্রিকা কাপ অফ নেশন্সের (আফকন) সেমিফাইনাল নিশ্চিত করেছে নাইজেরিয়া। শনিবার রাতে মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ‘সুপার ঈগলস’রা।
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে নাইজেরিয়া। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না তারা। বিরতির ঠিক ৮ মিনিট আগে আকোর আদামসের একটি বাঁকানো শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় নাইজেরিয়ান সমর্থকদের। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপট বদলে যায়। ৪৭ মিনিটে ব্রুনো ওনিয়েমেচির নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে নাইজেরিয়াকে লিড এনে দেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। চলতি টুর্নামেন্টে এটি তাঁর চতুর্থ গোল। এর ঠিক ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আকোর আদামস। মাঝমাঠ থেকে শুরু হওয়া এক দারুণ আক্রমণে ওসিমেনের বাড়ানো বল ধরে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানেকে কাটিয়ে বল জালে জড়ান তিনি।
ম্যাচের ৮১ মিনিটে ব্যবধান ৩-০ করার সুযোগ এসেছিল, কিন্তু ওসিমেনের ক্রসে আদামসের হেড গোলপোস্টে লেগে ফিরে আসলে আক্ষেপ বাড়ে তাদের। অন্যদিকে পুরো ম্যাচেই আলজেরিয়ার আক্রমণভাগকে বোতলবন্দি করে রেখেছিল নাইজেরিয়ার রক্ষণভাগ। দলের সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজ ছিলেন ছায়াসঙ্গী হয়ে। ম্যাচের এক ঘণ্টা পর তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, এই হারের মধ্য দিয়ে মাহরেজের আফকন ক্যারিয়ারের বিষাদময় সমাপ্তি ঘটল, কারণ টুর্নামেন্ট শুরুর আগেই তিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন। এই জয়ে চতুর্থ আফকন শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হলো নাইজেরিয়ার। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে সুপার ঈগলসরা।


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬ | সময়: ১:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর