পুঠিয়ায় কসমেটিকস কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার ৮ জানুয়ারি সকাল ১০টার দিকে একটি অনুমোদনহীন কসমেটিকস কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ‘সাফা’ নামক কারখানায় বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। তিনি জানান, কারখানাটির বিএসটিআই অনুমোদন, বৈধ লাইসেন্স ও স্বাস্থ্য নিরাপত্তা মানদণ্ড কিছুই ছিল না। এতে ব্যবহৃত বিভিন্ন বিপজ্জনক কেমিক্যাল ও লোশন তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অনুমোদনহীন কসমেটিকস ব্যবহারে ত্বকে অ্যালার্জি, ফুসকুড়ি, চর্মরোগ, চোখে জটিলতা এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, ‘উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’
অভিযানকালে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬ | সময়: ১:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ