সর্বশেষ সংবাদ :

ক্রিকেট কারা চালাচ্ছে সবাই জানে’ মোস্তাফিজ ইস্যুতে বিস্ফোরক মঈন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের বর্তমান বিশৃঙ্খল ক্যালেন্ডার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি। বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেটের মধ্যে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা মঈন মনে করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক এজেন্ডার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেটাররা। কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে আকস্মিক বাদ দেওয়া প্রসঙ্গে মঈন আলি সরাসরি সমবেদনা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘অন্য সবকিছুর চেয়ে মোস্তাফিজের জন্য আমার বেশি খারাপ লাগছে। কারণ সে খুব ভালো একটি চুক্তি পেয়েছিল (৯.২ কোটি রুপি)। বছরের পর বছর ধরে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং অবশেষে যখন ভালো কিছু পেল, তখন এমনটা ঘটল। সে অন্য দলেও থাকতে পারত, কিন্তু কেকেআর তাকে নিল এবং শেষ পর্যন্ত সে-ই সবচেয়ে বেশি ভুগছে।
বিশ্ব ক্রিকেটের বর্তমান কাঠামো নিয়ে মঈন আলি মনে করেন, ফ্র্যাঞ্চাইজি লিগ এবং আন্তর্জাতিক সূচির এই সংঘাত ক্রিকেটের জন্য বড় হুমকি। ডেইলি সান-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় এর সমাধান হতে পারে ফুটবলের মতো। যেখানে আপনি আন্তর্জাতিক বিশ্বকাপ বা আইসিসি ইভেন্ট এবং বড় দুই-একটি সিরিজ খেলবেন। বাকি সময়টা হবে ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য।
এতে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ কমবে। বর্তমানে এই সমস্যার কারণেই মোস্তাফিজের মতো ঘটনা ঘটছে। সত্যি বলতে, কোথাও কোনো বড় ভুল হচ্ছে। ক্রিকেটকে বাঁচাতে এমন কিছু করা দরকার যাতে সবকিছু সুশৃঙ্খল হয়।’ মঈন আলি মনে করেন, মোস্তাফিজের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
তিনি বলেন, ‘এটি কেবল মোস্তাফিজের বিষয় নয়। আমরা জানি পাকিস্তান ও বাংলাদেশের খেলোয়াড়রা প্রায়ই এ ধরণের সমস্যার সম্মুখীন হয়। এটি বারবার ঘটছে এবং এটি একটি বড় সমস্যা।’
বাংলাদেশ সরকারের নেওয়া আইপিএল সম্প্রচার নিষিদ্ধ বা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবির প্রসঙ্গে মঈন বলেন, ‘আমি বাংলাদেশকে দোষ দিচ্ছি না। তবে যারা এই পরিস্থিতির সৃষ্টি করছে, তাদের কাজগুলো আমার কাছে অর্থহীন ও বোকামি মনে হয়। উপমহাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, তারা খেলোয়াড়দের খেলতে দেখতে চায়। মোস্তাফিজ কেকেআরের হয়ে খেললে সেটি কেবল বাংলাদেশের মানুষের জন্যই নয়, ওপার বাংলার মানুষের জন্যও দারুণ হতো। এটি অত্যন্ত দুঃখজনক।’
আইসিসি এবং ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশগুলোর ভূমিকা নিয়েও মঈন কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘আইসিসি কখনোই যেমন হওয়া উচিত ছিল তেমন হতে পারেনি। সবাই জানে যে ক্রিকেট আসলে কারা চালাচ্ছে… কিন্তু কেউ কিছু বলে না। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বড় দেশগুলো এসব বিতর্কে কোনো অবস্থান নেয় না। তাদের মুখ খোলা উচিত ছিল। কিন্তু পৃথিবীটাই এখন এমন; রাজনীতি হোক বা ক্রিকেট, সবাই নিজের এজেন্ডা নিয়ে ব্যস্ত। যতক্ষণ নিজেদের স্বার্থ ঠিক থাকছে, ততক্ষণ অন্য কারো জন্য কেউ পরোয়া করে না। সবকিছু কার্পেটের নিচে চাপা দিয়ে রাখা হচ্ছে।’


প্রকাশিত: January 8, 2026 | সময়: 1:38 am | সুমন শেখ