সর্বশেষ সংবাদ :

যবিপ্রবিতে চলছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী “আরণ্যক ২.০”

যবিপ্রবি প্রতিনিধিঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২ দিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু হয়েছে। নানা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে যবিপ্রবি ছাত্র-শিক্ষক কেন্দ্র। যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই জাতীয় প্রদর্শনী চলবে ৭ জানুয়ারী পর্যন্ত।

“আরণ্যক ২.০” শীর্ষক এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন জেলা থেকে আগ্রহ প্রকাশকারী তরুণ ও প্রতিভাবান আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি মুহূর্ত, গল্প ও সৃজনশীল কাজ স্থান পেয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে ২ ক্যাটাগরিতে ৬৪১২ টি সিংগেল ফটো ও ৮২ টি ফটোস্টোরি জমা পড়ে। সেখানে থেকে নির্বাচিত শতাধিক সেরা আলোকচিত্র এবং ৫ টি ফটোস্টোরি প্রদর্শনীতে স্থান পায়।

প্রতিযোগিতায় রয়েছে সিংগেল ফটো (উন্মুক্ত বিষয়বস্তুর ছবি), ফটো স্টোরি (গল্পভিত্তিক ছবি), কৃষি ও প্রকৃতি এবং জুলাই কর্নার প্রদর্শনী।
সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে প্রবেশযোগ্য এই প্রদর্শনী ৭ জানুয়ারী বিকেল ৪ টা পর্যন্ত চালু থাকবে।

এ বিষয়ে যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি রাকিব হাসান সিহাব বলেন,এমন একটি আয়োজন করতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের মূল উদ্দেশ্য ছিলো ফটোগ্রাফিতে আগ্রহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্লাটফর্মে নিয়ে আসা।সেই সাথে যবিপ্রবিতে যারা ফটোগ্রাফিতে আগ্রহী তাদেরকে তাদের প্রাপ্য সম্মাননা প্রদান করা। জাতীয় পর্যায়ের ফটোগ্রাফিক প্রতিযোগিতা কেমন হয় সে বিষয়ে ধারনা দেওয়া।বলা যায় এ বিষয়ে আমরা সফল। শিক্ষার্থীরা আমাদের আয়োজনে আনন্দিত ও সন্তুষ্ট।

তারেক/শামি


প্রকাশিত: January 7, 2026 | সময়: 3:55 pm | Daily Sunshine