সর্বশেষ সংবাদ :

গণসংযোগকালে আবুল কালাম আজাদ : নওহাটাকে পরিকল্পিত আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে

স্টাফ রির্পোটার: রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পবা উপজেলার নওহাটা পৌরসভায় গণসংযোগকালে পৌরসভার সার্বিক উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, নির্বাচিত হলে নওহাটাকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।
গণসংযোগকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “দীর্ঘদিন ধরে নওহাটা পৌরসভা অবহেলিত। নাগরিক সুযোগ-সুবিধা, ভালো আঞ্চলিক সড়ক, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কাঙ্খিত উন্নয়ন হয়নি। সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এসব খাতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করব।”
অধ্যাপক আবুল কালাম আজাদ আরও বলেন, পৌর এলাকায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু, জলাবদ্ধতা নিরসন, সড়ক ও উপ-সড়ক সংস্কার, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জামায়াত মনোনীত এই প্রার্থী বলেন, “দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই, শাসক হতে নয়। জনগণের অধিকার আদায়ে সংসদে জোরালো ভূমিকা রাখব।”
গণসংযোগকালে তিনি নওহাটা পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন এবং আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদে জামায়াতে ইসলামী এয়ারর্পোট থানার আমির সুজাউদ্দিন, সহকারী সেক্রেটারি মশিউর রহমান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, যুব বিভাগের সেক্রেটারি শাহিন আলী, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আশরাফ রাজু, সাধারণ সম্পাদক বিএম ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন, যুব বিভাগের সেক্রেটারি সোহলে রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।


প্রকাশিত: January 7, 2026 | সময়: 1:37 am | সুমন শেখ