বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলীর পিআরএলজনিত বিদায় সংবর্ধনা রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, তাঁর সহধর্মিণী ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন এবং সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার।
অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ, বিভিন্ন কলেজ থেকে আগত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলীকে বিএনসিসি ইউনিটের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে কলেজের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা শুরু হয়। অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলীর প্রশাসক হিসেবে কর্মদক্ষতা ও দূরদর্শিতা বিষয়ক স্মৃতিচারণ করেন। সংবর্ধনায় একজন দক্ষ ও সুযোগ্য অধ্যক্ষ হিসেবে রাজশাহী কলেজে প্রফেসর মুঃ যহুর আলীর অনন্য অবদানকে গুরুত্বের সাথে স্মরণ করা হয়। সবশেষে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন এবং উপস্থিত শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।