সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ বিভিন্ন স্থানে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার: তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিভিন্ন সময় এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। এসময় রাজশাহী মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চারঘাট প্রেসক্লাব: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চারঘাটে কর্মরত সাংবাদিকরা। শুক্রবার বাদ জুমা চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে বেগম জিয়ার মৃত্যুতে শোক সভার আয়োজন করা হয়।
চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, যুগ্ম-সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সাবেক পৌর কাউন্সিলর মোজাফ্ফর হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দীন পিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল হক সান্টু, কোষাধ্যক্ষ মিঠু রানা, সাংবাদিক আতিকুর রহমান আশা সহ উপজেলা পর্যায়ের গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের সদস্যরা।

এসময় বিএনপির সভাপতি বিকুল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন সফল, সৎ ও আদর্শ রাজনীতিবিদ। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবসময় ছিলেন আপসহীন। বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রাম দেশ ও জাতির কাছে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভার শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এরপর তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও সভার শুরুতে গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


প্রকাশিত: January 3, 2026 | সময়: 7:51 am | সুমন শেখ