সর্বশেষ সংবাদ :

বালুবাহী ড্রাম ট্রাক বাজারে ঢুকে কেড়ে নিল ৫ প্রাণ

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া বালুবাহী ড্রাম ট্রাক কলার বাজারে ঢুকে ৫ প্রাণ কেড়ে নিল। বৃহস্পতিবার ১ জানুয়ারি সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতর ঢুকে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, চারঘাটের আসকরপুর গ্রামের বাসিন্দা মাহাকাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০), নাটোর কাফুরিয়া, সদর এলাকার শাহীনের ছেলে সিয়াম (১৬), নাটোর পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের (৩৮) প্রামানিক, নাটোর বাঘাতিপাড়া সাইফুলের ছেলে সেন্টু (১৮)।
এ ঘটনায় গুরুতর আহত উপজেলার বানেশ্বরের খুটিপাড়া গ্রামের জলিলের ছেলে রায়হানুল ইসলামকে (৪০) রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল সকাল ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।
পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন প্রাণ হারান। ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং আহত একজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পরবর্তীতে মারা যাওয়া সহ মোট নিহত ৫ জনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক।
স্থানীয়রা জানান, ট্রাকটি বাজারে ঢুকে একাধিক দোকান ও পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনার সময় বাজারে ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্রেক ফেইল করে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ঢাকা মেট্রো- ১৩-৮৪৭১ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।


প্রকাশিত: January 2, 2026 | সময়: 2:45 am | সুমন শেখ