সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজিতে নিষেধাজ্ঞা

স্টাফ রির্পোটার: থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ ও জনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন বজায় রাখার লক্ষ্যে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন এর বিভিন্ন ধারায় অর্পিত ক্ষমতাবলে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রবিবার পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে অনুমতি ছাড়া রাজশাহী মহানগরের কোনো সর্বসাধারণের ব্যবহার্য স্থান, রাস্তা কিংবা উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, নাচ-গান, ডিজে পার্টি, র‌্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একই সঙ্গে মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী মহানগরের সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে এবং এ সময়ের মধ্যে সব ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ থাকবে। তবে আবাসিক হোটেলগুলো সীমিত পরিসরে এবং নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন করতে পারবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত মহানগরের জনসমাগমস্থলে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি উচ্চ শব্দ সৃষ্টি, বেপরোয়া যানবাহন চালনা, মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।


প্রকাশিত: December 29, 2025 | সময়: 3:46 am | সুমন শেখ