, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে স্বাভাবিক
হয়েছে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম।
শনিবার দুপুর পৌনে ১টা থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি জানান, বড়দিন উপলক্ষে দুইদিন বন্দর কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার দুপুর থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। এসব পণ্য আনলোড করে দেশীয় ট্রাকে লোডের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম বন্ধের দিনগুলোতেও স্বাভাবিক ছিল। শনিবারও যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, যে কোনো ধর্মীয় উৎসব বা জাতীয় দিবসে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রাখা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি।