রাজশাহীতে এসএসসি ‘৯৪ ব্যাচের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা

স্টাফ রিপোর্টার: ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজশাহীর টার্ফ মাঠে এসএসসি ৯৪ ব্যাচ রাজশাহীর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক বন্ধু-বান্ধব অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী ইতাউল ইসলাম এবং গীতা পাঠ করেন সঞ্জয় কুমার সাহা। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মিলনমেলার সূচনা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি ‘৯৪ ব্যাচ শুধু একটি ব্যাচ নয়, এটি একটি আবেগ, একটি পরিবার। জীবনের ব্যস্ততায় হারিয়ে গেলেও এই মিলনমেলা আমাদের আবার এক সুতোয় বেঁধেছে। আমরা যেন সব সময় একে অপরের পাশে থাকতে পারি, দুঃখে-সুখে সহযোগিতা করতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।
তারা আরও বলেন, পুরনো দিনের স্মৃতিচারণ, বন্ধুত্বের বন্ধন দৃঢ় করা এবং আগামী প্রজন্মের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য পর্বসমূহ দিনব্যাপী অনুষ্ঠানে মৃত বন্ধুদের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও আকর্ষণীয় লটারি ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন রাজশাহী বেতারের জনপ্রিয় কণ্ঠ শিফা আনজুম।
উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন রাজশাহী ‘৯৪ ব্যাচের অ্যাডমিন ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সাজু আহমেদ, মোঃ মাসুদ রানা, মোছাম্মৎ শাকিলা, আবুল হাসান, সুইডেন, মোস্তাক, শাহিন আলম, ডায়মন্ড, পাভেলসহ আরও বহু বন্ধু-বান্ধব।
বন্ধুত্বের বন্ধনে নতুন অঙ্গীকার অনুষ্ঠানের এক পর্যায়ে পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সবাই যেন হারিয়ে যান শৈশবের সেই স্মৃতিময় দিনগুলোতে। অনুষ্ঠানের শেষ পর্বে সকলে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আগামী দিনগুলো একসাথে চলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫ | সময়: ১২:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ