বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের জন্য সমাধিস্থলে পৌঁছেছেন তার ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বেলা পৌনে ৫টার দিকে তিনি সমাধিস্থলে পৌঁছান। এর আগে বেলা ২টা ৫২ মিনিটে তার গাড়িবহর গুলশানের ১৯৬ নম্বর বাড়ির সামনে থেকে জিয়া উদ্যানের পথে রওনা দেয়।
লাল-সবুজ পতাকার রঙে সাজানো বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে তারেক রহমান কর্মীদের শুভেচ্ছা জানান। বাস ঘিরে কর্মী-সমর্থকদের প্রচণ্ড ভিড়ের কারণে আট কিলোর মতো সড়ক পাড়ি দিতে লেগে যায় পৌনে ২ ঘণ্টা। বেলা ৪টা ৩৬ মিনিটে বাস থেকে নেমে তিনি সমাধিস্থলে হেঁটে রওনা দেন। এরপর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপি নেতা সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপি নেতা তারেক রহমান। জনসমুদ্রে শুভেচ্ছা বিনিময়, বক্তৃতা শেষে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিনি। এরপর রাতে বিএনপি নেতা গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান।
তারেক রহমান নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভোটার তালিকায় নাম লেখাবেন শনিবার। জাতীয় পরিচয়পত্রের কাজ সেরে তিনি যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পরে শ্যামলীতে যাবেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে তিনি সেখানে যাবেন।