সর্বশেষ সংবাদ :

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

সানশাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে শুক্রবার শাহবাগ মোড় অবরোধ করেছে সাংস্কৃতিক প্লাটফর্মটির নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর তারা শাহবাগে সমবেত হয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
এতে শাহবাগ যান চলাচল স্থবির হয়ে পড়েছে। তবে আশেপাশের রাস্তাগুলোতে সীমিত আকারে যান চলাচল করছে। অবরোধকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, ‘হাদির রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “আজ থেকে এই শাহবাগের নাম শহিদ ওসমান হাদি চত্বর। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” এর আগে গত মঙ্গলবার ‘শহীদী শপথ’ নেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। ত্রিশ কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করা এবং ‘ইনসাফভিত্তিক’ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এ শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধি হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।


প্রকাশিত: December 27, 2025 | সময়: 12:58 am | সুমন শেখ