, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে নাটোর-৪ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জেলা বিএনপির সদস্য শিল্পপতি আবুল কাশেম। বুধবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামান তার মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ঢাকায় অবস্থানরত আবুল কাশেম মোবাইলে কল রিসিভ না করলেও তার ব্যাক্তিগত সহকারী মামুনুর রশীদ ও ভাতিজা মনিরুজ্জামান সহ স্বজনরা মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি অস্বীকার করেন। এতে পুরো বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মী সহ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। তিনি দুদিন আগে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কিন্তু মঙ্গলবার রাতে দলীয় মনোনয়ন বঞ্চিত আবুল কাশেমের মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি জানাজানি হয়। পরে বিষয়টি বিভিন্ন অনলাইন পোর্টালসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।
বুধবার দুপুরে নির্বাচনী এলাকার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি জানেন না বলে জানান। পরে রিটার্নিং অফিসার ও নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের কার্যালয়ে যোগাযোগ করলে সেখানে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামান তার মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তার ব্যাক্তিগত সহকারী মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি অস্বীকার করলেও বিএনপি নেতা আবুল কাশেমের অনুসারীরা দাবি করছেন যে, শেষ পর্যন্ত তিনিই দলীয় মনোনয়নে এ আসনে নির্বাচন করবেন।