বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন (যীশু খ্রিস্টের জন্মদিন) শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে। উক্ত অনুষ্ঠান নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৬(১)(ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১২.০০ ঘটিকা হতে ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার সর্বত্র সকল প্রকার আতশবাজি ও পটকা ফুটানো এবং ফানুস উড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও চলতি দায়িত্বে পুলিশ কমিশনার মো: ফারুক হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।