, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে নিষিদ্ধ ভারতীয় ব্রঙ্কোফ-সি সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার দামকুড়া থানাধীন হাজির বাতান নামক এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন তথ্যে জানা যায়, ওই এলাকা দিয়ে কিছু চোরাকারবারি নিষিদ্ধ মালামাল চোরাচালানের চেষ্টা করবে। সংবাদ অনুযায়ী, বিজিবির আভিযানিক দল হাজির বাতান এলাকার একটি কাঁচা রাস্তার পাশে ছদ্মবেশে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর রাতের অন্ধকারে একটি মোটরসাইকেলযোগে এক চোরাকারবারিকে আসতে দেখে তারা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ব্যাগ রাস্তার পাশে ফেলে মোটরসাইকেলের দিক পরিবর্তন করে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ব্রঙ্কোফ-সি সিরাপ ২৫ বোতল জব্দ করে। জব্দকৃত সিরাপগুলো মালিকবিহীন বলে জানানো হয়েছে। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত নিষিদ্ধ সিরাপগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।