, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনাসভা ও সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে (টিটিসি) একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্টাল একাডেমি হয়ে একই স্থানে এসে শেষ হয়। এরপর টিটিসির সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
টিটিসি রাজশাহীর অধ্যক্ষ নাজমুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা খাতুন, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার (আইওএম, বাংলাদেশ) এবং মহিলা টিটিসি, রাজশাহীর অধ্যক্ষ শফিকুল ইসলাম। মূখ্য আলোচক ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ব্যাংক রাজশাহীর ব্যবস্থাপক কামাল হোসেন, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আহসান হাবিব, ইসলামী ব্যাংকের ডেপুটি জোনাল হেড হাসানুজ্জামানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে রাজশাহী জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী হিসেবে তিনজনকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন- রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকার এরশাদ আলী সুজন, উত্তর দড়িখরবোনা এলাকার কামরুল হাসান এবং মতিহার এলাকার সাইলা খানম। এছাড়াও রেমিট্যান্স ও অভিবাসন বান্ধব কার্যক্রমের জন্য ইসলামী ব্যাংক এবং বেসরকারি সংস্থা এসিডি ও সচেতন সোসাইটিকেও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে থেকে তিনজনকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সভায় আলোচকরা জানান, ২০২৪ সালে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ছিলো ২৬.৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থ বছরে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ ৩০.৩ বিলিয়ন ইউএস ডলার। এর আগে এক বছরে দেশে এত পরিমাণ রেমিট্যান্স কখনো আসে নি। এর আগে রেকর্ড ছিলো ২০২১ সালে ২২ বিলিয়ন ডলার। অনুষ্ঠানে রেমিট্যান্স যোদ্ধা, জুলাই যোদ্ধা, প্রবাস গমনেচ্ছুকর্মী, জেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, প্রবাস ফেরত কর্মী, ব্যাংক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে টিটিসি ক্যাম্পাসে অভিববাসন ও চাকরি মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রবাসীদের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
পবা উপজেলা: পবা উপজেলা আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বক্তব্য রাখেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা কৃষি অফিসার, নির্বাচন অফিসারপ্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।