সর্বশেষ সংবাদ :

বিজয় দিবস স্কুল কাবাডি শুরু

স্পোর্টস ডেস্ক: বিজয়ের মাসে স্কুল শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় কাবাডি স্টেডিয়াম। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে ‘বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্ট ২০২৫’। জমজমাট লড়াই শেষে বালক ও বালিকা বিভাগে চারটি দল ফাইনালে জায়গা করে নিয়েছে।
বালক বিভাগে ফাইনালে উঠেছে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। বালিকা বিভাগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় ও মিরপুর গার্লস আইডিয়াল স্কুল। সকালে জাতীয় কাবাডি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ নারী কাবাডি বিশ্বকাপে অর্জিত পদক প্রধান অতিথির হাতে তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সদস্য মেজর জাহিদ হাসান মারুফ।
উদ্বোধনী বক্তব্যে মো. সেলিম ফকির বলেন, কাবাডির জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। নারী কাবাডি বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে খেলোয়াড়রা দেশের সক্ষমতা প্রমাণ করেছে। স্কুল পর্যায়ের এই ধরনের টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতের প্রতিভাবান কাবাডি খেলোয়াড় তৈরি হবে।
তিনি আরও বলেন, ঢাকায় সফলভাবে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করে ফেডারেশন তাদের সংগঠনিক সক্ষমতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে।
আজ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্টের। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা।


প্রকাশিত: December 19, 2025 | সময়: 1:38 am | সুমন শেখ