সর্বশেষ সংবাদ :

শিশু সাজিদের পরিবারের পাশে বিএনপির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদ গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনায় তার বাড়িতে বইছে শোকের মাতম। সাজিদের মৃত্যুর পাঁচদিন অতিবাহিত হবার পরও দূর দূরান্ত থেকে নারী-পুরুষরা ঘটনাস্থল দেখে সাজিদের বাড়িতে গিয়ে মা বাবাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার বিকাল ৪ টার দিকে তানোর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শিশু সাজিদের বাড়ি উপজেলার কোয়েরহাট পূর্ব পাড়ায় যায়। সাজিদের জন্য শোকে পাগলপ্রায় তার মা বাবার সঙ্গে কথা বলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। শিশু সাজিদের জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
সাবেক মেয়র মিজান, শিশু সাজিদের মা রুখা খাতুন ও বাবা রাকিবুল ইসলামের হাতে কিছু আর্থিক সহায়তা ও খাবার তুলে দেন। এসময় ছিলেন তানোর থানা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গাফার মেম্বার, সাংগঠনিক সম্পদক লাটু, বিএনপির নেতা লফর মেম্বার, লুৎফর রহমান, জিন্না প্রমুখ।
বিকালে সাজিদের বাড়ির বাইরের বারান্দায় দেখা গেছে অনেক নারী পুরুষের ভিড়। সাজিদের মা রুনা খাতুন বলেন, সাজিদ মরে যাওয়ার পাঁচদিন হয়ে গেছে তবুও আমার বাড়িতে অনেক মানুষের ভিড়। শত শত মানুষের ভিড়ের মধ্যে আমি আমার সাজিদকে আর দেখতে পাচ্ছি না বলে কাঁদতে শুরু করেন। গর্তে মধ্যে পড়ে গিয়ে আমার বাচ্চা মা মা করে জোরে জোরে কাঁদছিল। আমি তাকে খুঁজছি কিন্তু দেখতে পাচ্ছি না। আমার কানে সেই মা মা করে ডাকার কান্নার শব্দ ঘুমালেই শুনতে পাই। এমনকি হাটা চলাচলের সময়ও কান্নার শব্দ আমার কানে বাজে। চোখের সামনে মা হয়ে দাঁড়িয়ে থেকেও আমার বুকের ধনকে গর্ত থেকে আমি তুলতে পারলাম না। আমার সাজিদের জন্য আপনারা সবাই দোয়া করবেন।
গত বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্ব পাড়া গ্রামের জমির মাঠে মধ্যে গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু বাচ্চা সাজিদ। সে কোয়েল হাট পূর্ব পাড়া গ্রামের রাকিবুল ইসলামের পুত্র।


প্রকাশিত: December 18, 2025 | সময়: 1:31 am | সুমন শেখ