সর্বশেষ সংবাদ :

ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচনে কোয়েল-বিপ্লব প্যানেল

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (জঈঐঝঈঅঅ)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ উপলক্ষে কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
রোববার বেলা ১২টায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি পদে চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের নাম ঘোষণা করা হয়। এ সময় জানানো হয়, প্যানেলের প্রতীক ‘খ’ এবং ৪৩ সদস্যের পূর্ণাঙ্গ এই প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালাম বিপ্লব প্যানেলের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহারে রাজশাহী কলেজের গৌরবময় ঐতিহ্য রক্ষা, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও যোগাযোগ জোরদার এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর অ্যালামনাই সংগঠন গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়।
ইশতেহারে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য স্থায়ী অফিস ভবন নির্মাণ, আধুনিক ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন, দেশে ও বিদেশে অবস্থানরত অ্যালামনাইদের সংযুক্ত করা, অনলাইন ভোটিং ব্যবস্থা চালু এবং আধুনিক হিসাব ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয়।
এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা তহবিল গঠন, চাকরি ও ব্যবসা মেলা আয়োজন, নিয়মিত পুনর্মিলনী, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের ইশতেহারে বাস্তবভিত্তিক ২৫ দফা কর্মপরিকল্পনা তুলে ধরে জানায়, এর মাধ্যমে রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী, গতিশীল ও উন্নয়নমুখী সংগঠনে রূপান্তর করাই তাদের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়; বাস্তবায়নযোগ্য পরিকল্পনার মাধ্যমেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে কার্যকর সংগঠনে পরিণত করা হবে। তারা ঐক্য ও উন্নয়নের পক্ষে ভোট দিয়ে ‘খ’ প্রতীকের কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলকে সমর্থন জানানোর আহ্বান জানান।
উল্লেখ্য, এই নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর রাজশাহীতে এবং ২০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: December 15, 2025 | সময়: 12:54 am | সুমন শেখ