সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে নিখোঁজের তিন দিন পর যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর সোহাগ হোসেন (২৩) নামে এক যুবকের মুখমন্ডল থেতলানো ও ডান চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মুখ ভারী কোন বস্তুর আঘাতে থেতলানো ছিল। শনিবার বিকাল সোয়া পাঁচটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান ফিলিং স্টেশনের পাশে ফেলে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহাগ উপজেলার চক বড়াইগ্রামের নাজমুল ইসলামের একমাত্র ছেলে।
নিহতের স্বজনরা জানান, বুধবার দিনগত রাত ১২টার দিকে আকাশ নামে এক প্রতিবেশী ট্রলি থেকে বালু নামানোর কাজের কথা বলে সোহাগকে ডেকে নিয়ে যায়। এরপর ভোরে আকাশ সোহাগকে ছাড়া একাই বাড়ি ফিরে আসে। আকাশের কাছে জানতে চাইলে সোহাগ পরে আসবে বলে জানায়। কিন্তু দুই দিনেও সে ফিরে না আসায় শুক্রবার সন্ধ্যায় নিহতের মা পারভীন বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এদিকে, শনিবার বিকাল ৫টার দিকে স্থানীয়রা লাশটি মহাসড়কের ধারে পরে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, সাধারণ ডায়েরির পর থেকেই আমরা তাকে উদ্ধারে তৎপর ছিলাম। অবশেষে মিললো তার লাশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


প্রকাশিত: December 14, 2025 | সময়: 1:23 am | সুমন শেখ