নওহাটায় হিফযুল কুরআন সম্পন্নকারীদের পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার নওহাটায় আল মাদরসাতু হিফযুল কুরআন আস সালাফিইয়া’র উদ্যোগে হিফযুল কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। সেই লক্ষ্যে শনিবার সন্ধ্যায় নওহাটা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে হিফযুল কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ি পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওহাটা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শেখ মো. মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে সঠিক পথে পরিচালিত করে। হাফেজে কুরআনরা কুরআনের জীবন্ত বাহক। তাদের দায়িত্ব শুধু কুরআন মুখস্থ রাখা নয়, বরং কুরআনের আদর্শ বাস্তব জীবনে প্রয়োগ করা। তিনি বলেন, এই মসজিদ ভিত্তিক মাদরাসা নওহাটায় কুরআন শিক্ষার ক্ষেত্রে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এখান থেকে গড়ে ওঠা হাফেজরা শুধু কুরআনের বাহকই নয়, বরং সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে। মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নওহাটা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ ভিত্তিক মাদ্রাসার পরিচালক ও খতিব মো. জাবিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন নওহাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আহসান আব্দুর রব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। আলোচনা সভায় বক্তারা কুরআন শিক্ষার গুরুত্ব, হিফয শিক্ষার মানোন্নয়ন ও দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষাও নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫ | সময়: ১:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ