সর্বশেষ সংবাদ :

রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন্স

স্টাফ রিপোর্টার: মানব সভ্যতার বিকাশে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব তুলে ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সিভিল ইঞ্জিনিয়ারিং মানব সভ্যতার অন্যতম মৌলিক স্তম্ভ। প্রাচীন অবকাঠামো থেকে শুরু করে আধুনিক স্মার্ট শহর, উচ্চগতির পরিবহন ব্যবস্থা, স্থিতিশীল উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সিভিল ইঞ্জিনিয়াররা বিশ্বকে প্রাসঙ্গিক করে তোলার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে চলেছেন। এমন পরিস্থিতিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আরও উৎকর্ষ অর্জনের জন্য উন্নত গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে।’
শুক্রবার সকালে রুয়েটে আয়োজিত ‘সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন্স’ (আইসিসিইআই) ২০২৫ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রুয়েটের অডিটোরিয়ামে তিন দিনব্যাপী (১২–১৪ ডিসেম্বর) এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তাকায়ুকি সুজুকি, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. এস. এম. ইলিয়াস শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম. জহুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির সেক্রেটারী ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।
কনফারেন্সের আয়োজকদের দেওয়া তথ্যমতে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মোট ১১টি মৌলিক বিষয়ে আয়োজিত এই কনফারেন্সে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, থাইল্যান্ডসহ দেশ ও বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ জন একাডেমিশিয়ান ও গবেষক অংশ নিয়েছেন।
এইবারের কনফারেন্সে ১ হাজার ১৯৬টি গবেষণাপত্র জমা পড়ে। সেখান থেকে গৃহীত হয় ৪৮৬টি পেপার, যার মধ্যে ৪৭৫টি টেকনিক্যাল পেপার এবং ১১টি কি-নোট পেপার রয়েছে। পুরো কনফারেন্সে ৫৪টি টেকনিক্যাল সেশন ও ৪টি কি-নোট সেশন অনুষ্ঠিত হবে।
এদিকে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান আগামী ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা পৌনে ৬ টায় রুয়েটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থাপিত গবেষণাপত্রগুলোর মধ্যে থেকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
অন্যদিকে, ১৪ ডিসেম্বর রবিবার কনফারেন্সের শেষ দিনে আয়োজক কমিটির পক্ষ থেকে কনফারেন্স ট্যুরের আয়োজন করা হয়েছে। এই ট্যুরের মাধ্যমে অংশগ্রহণকারীরা রাজশাহী অঞ্চলের গুরুত্বপূর্ণ সিভিল অবকাঠামো ও কাঠামোগত প্রকৌশল সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবেন।


প্রকাশিত: December 13, 2025 | সময়: 12:39 am | সুমন শেখ