সর্বশেষ সংবাদ :

ওসমান হাদিকে গুলি : জামায়াত নেতা বললেন ‘এটাই আশঙ্কা করেছিলাম’

সানশাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাদের মোহাম্মদ মাসুম বলেছেন, “এটাই আশঙ্কা করেছিলাম।”
তিনি বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজপথের একজন লড়াকু সৈনিক গুলিবিদ্ধ হয়েছেন। এর দ্বারা কি আমাদের আন্দোলনের যৌক্তিকতা প্রমাণিত হয়নি? আমরা এটাই আশঙ্কা করেছিলাম।” শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের শিমলাইল এলাকায় এক নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।
দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক মর্যাদা নিশ্চিতের’ দাবি জানান জামায়াত নেতা মাসুম। তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি, সাংবিধানিক মর্যাদা আগেই নিশ্চিত করতে হবে। এরপরে জাতীয় নির্বাচন হবে।” মাসুম বলেন, “কমিশন ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছে। একই দিন জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজনের কথাও বলেছে। আমরা এই দাবিগুলো বহুদিন থেকে করে এসেছিলাম। সব রাজনৈতিক দল এ দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল।
“জুলাই সনদের আইনি ভিত্তির জন্যে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। তারপরও আমরা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম আট দলের পক্ষ থেকে। কেউ কেউ বলেছিলেন যে, এগুলো তো আলোচনার টেবিলে আছে, আপনারা রাজপথে কেন নামলেন?” জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলেও মনে করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।
‘গণহত্যাকারীদের দোসরদেরও’ নিষিদ্ধের দাবি জানিয়ে মাসুম বলেন, “তারা যদি সেদিন গৃহপালিত বিরোধী দল না হত, তাহলে আওয়ামী ফ্যাসিবাদ এতদিন কন্টিনিউ করতে পারত না। আমরা তাদেরকে নিষিদ্ধ করার কথা বলেছি। আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়ে এসেছিলাম।
“প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনে সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। এখানে পরমতসহিষ্ণুতা ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতি নিশ্চিত করতে হবে। কাদা ছোড়াছুড়ির রাজনীতি নয়, সন্ত্রাসের ভাষায় কথা নয়। এক দল আরেক দলের ওপরে মিথ্যাচার চালিয়ে নির্বাচনি পরিবেশকে নষ্ট করবে, এগুলো থেকে বেরিয়ে এসে একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন দিতে হবে।
“এগুলোর সমাধান না করেই কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে। আমরা এটাকে স্বাগত জানিয়েছি। আমরা এখনো এই সরকারের উপরে বিশ্বাস রাখতে চাই।” নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ জামায়াত নেতা বলেন, “আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন গতকাল নির্বাচনের ঘোষণা দিয়ে। সুতরাং এই চ্যালেঞ্জে আপনাদেরকে বিজয়ী হতে হবে।
“চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া এখন আপনাদের নৈতিক, মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব হয়ে গিয়েছে। যদি আপনারা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারেন, তাহলে আপনাদের বেলায় ভিন্ন ইতিহাস লেখা হবে।” তিনি বলেন, “আমরা যেই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেই মানবিক বাংলাদেশ দুনিয়ার কোন মন্ত্র-তন্ত্র দিয়ে গড়া সম্ভব নয়। মানুষের গড়া কোনো আইন, মতবাদ, দফা দিয়ে এটা সম্ভব নয়। এটা সম্ভব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল-কোরআনের ফর্মুলা অনুযায়ী যদি আমরা চলি।”
‘কোরআনের ফর্মুলায় না চললে ফেরেশতাও বাংলাদেশে শান্তি নিশ্চিত করতে পারবে না’ বলে মন্তব্য করেন আবু তাহের মোহাম্মদ মাসুম। সমাবেশে নারায়ণগঞ্জ-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ও মহানগর শাখার আমীর মুহাম্মদ আবদুল জব্বার, জেলা কমিটির আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান বক্তব্য দেন। সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আমীর মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্ব সমাবেশ পরিচালনা করেন সাইফুল ইসলাম রনি।


প্রকাশিত: December 13, 2025 | সময়: 12:39 am | সুমন শেখ