, , ।
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মাসেই চীনে পাড়ি জমাতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সফরকে সামনে রেখে ১৪ জনকে নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডের বাইরে রাখা হয়েছে আরও চারজন স্ট্যান্ডবাই ক্রিকেটারকে।
চলমান পাকিস্তান সিরিজে স্ট্যান্ডবাই হিসেবে থাকা চৌধুরী অদৃতা নোয়াসির এবার জায়গা পেয়েছেন মূল দলে। তবে স্কোয়াডে রাখা হয়নি মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন এবং মোসাম্মৎ সামিয়া খাতুনকে। তাদের বদলে সুযোগ পেয়েছেন মোসাম্মৎ ববি খাতুন। স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন মোসাম্মৎ লিমা খাতুন, আখি আক্তার, রিজভি দাস ও মোসাম্মৎ জিম আফরিন।
সফরের সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবে দল। পরদিন ১৬ ডিসেম্বর নির্ধারিত হয়েছে অনুশীলন ও ট্রেনিং সেশন। ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই অনূর্ধ্ব-১৯ নারী দল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১৯ এবং ২১ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর অনুশীলনের দিন রাখা হয়েছে, ২০ ডিসেম্বর খেলোয়াড়দের জন্য বিশ্রাম অথবা ঐচ্ছিক অনুশীলনের সুযোগ থাকবে। সিরিজ শেষ করে ২২ ডিসেম্বর দেশে ফিরবে জুনিয়র টাইগ্রেসরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের স্কোয়াড: সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), আরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), চৌধুরী অদৃতা নোয়াসির, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃদা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ ববি খাতুন ও কুমারি শ্রাবণী রানি শিল। স্ট্যান্ডবাই: মোসাম্মৎ লিমা খাতুন, আখি আক্তার, রিজভি দাস, মোসাম্মৎ জিম আফরিন।