বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচের হতাশা ভুলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিং আর শেষ দিকে ডেভিড মিলার ও ডনোভান ফেরেইরার বিধ্বংসী ইনিংসে বড় সংগ্রহ গড়ে প্রোটিয়ারা। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই চাপে পড়ে ভারত। শেষ পর্যন্ত ৫১ রানের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।
নিউ চান্ডিগড়ে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০ ওভারে ২১৩ রান তোলে সফরকারীরা। জবাবে ভারত থামে ১৬২ রানে। সিরিজে এখন দুদল ১-১ সমতায়। দক্ষিণ আফ্রিকার ইনিংসের মূল ভরসা ছিলেন কুইন্টন ডি কক। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরলেও এবার ছিলেন একেবারেই ভিন্ন রূপে। ৭টি ছক্কা ও ৫টি চারে ৪৬ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার ইনিংসেই শক্ত ভিত পায় প্রোটিয়ারা। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
শেষ দিকে ডেভিড মিলার ও ডনোভান ফেরেইরা ঝড় তোলেন। ফেরেইরা ১৬ বলে অপরাজিত ৩০ আর মিলার ১২ বলে ২০ রান করেন। তাদের ২৩ বলে ৫৩ রানের জুটিতে শেষ তিন ওভারে আসে ৪৯ রান, যা ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ভারতের বোলিংয়ে শুরুটা ভালো হয়নি। পেসার আর্শদিপ সিংয়ের এক ওভারেই লেগেছে ১৩ বল, যেখানে তিনি দেন ৭টি ওয়াইড। আইসিসির পূর্ণ সদস্য দেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে এক ওভারে এত বল করার নজির প্রথমবার।
রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন শুবমান গিল। আভিশেক শর্মা দুই ছক্কা মারলেও পরের ওভারে বিদায় নেন। অধিনায়ক সুরিয়াকুমার যাদবও ব্যর্থ হন। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপরও লড়াইয়ের চেষ্টা করেন তিলাক ভার্মা। ৩৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ৫১ রানের জুটি গড়লেও ধীরগতির কারণে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। পান্ডিয়া ২৩ বলে করেন ২০ রান।
শেষ দিকে দ্রুত উইকেট হারাতে থাকে ভারত। ১৯তম ওভারে ওটনিয়েল বার্টমান ৩ উইকেট নিলে ম্যাচের শেষ আশা নিভে যায়। সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমে ২৪ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার ছিলেন বার্টমান। লুঙ্গি এনগিডি, মার্কো ইয়ানসেন ও লুথো সিপামলা নেন দুটি করে উইকেট। ভারতের সব ১০টি উইকেটই নেন প্রোটিয়া পেসাররা, যা এই সংস্করণে প্রথমবার। ৫ উইকেটে ১৫৭ থেকে মাত্র ৯ বলের মধ্যে অলআউট হয়ে যায় ভারত।