ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা ছাত্রী নিহত

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জোবায়রা খাতুন (৮) নামের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকেল ৫টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফার্মপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়রা খাতুন উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের জিন্নাহ আলীর মেয়ে এবং বেতবাড়িয়া উম্মে কুলসুম কিন্ডারগার্টেন ও নূরাণী মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জোবায়রা খাতুন একজন মাদরা সাছাত্রী ছিল। মাদরাসার ছুটি শেষে মেয়েকে নিয়ে মোটর সাইকেলে করে বাড়ি আসছিলেন বাবা জিন্নাহ আলী। পথে মুলাডুলি থেকে দাশুড়িয়া অভিমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দু’জনই সড়কের ওপর ছিটকে পড়েন। এতে মেয়ে জোবায়রা খাতুন ঘটনাস্থলেই মারা যায় এবং আহত অবস্থায় বাবা জিন্নাহকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় পাকশি হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেন।
নিহতের প্রতিবেশী আইয়ুব আলী জানান, মেয়ে জোবায়রা খাতুনকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মেয়ে নিহত হয়। বাবা জিন্নাহকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঈশ্বরদী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি এজাজ আহমেদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫ | সময়: ৩:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ