সর্বশেষ সংবাদ :

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে মিনু : প্রিয় দেশনেত্রী দেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাননি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের প্রিয় দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশের মানুষকে খুব ভালোবাসেন। তাই তিনি এই দেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাননি। এখন তিনি অসুস্থ। সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষহ বিশ্বের মুসলমানরা দোয়া করছে।
রবিবার বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মহানগরীর ২০নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সকল আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন। তিনি কখনোই আপোষ করেননি। সেই প্রিয় দেশনেত্রী এখন কঠিন সময় পার করছেন। ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনে খালেদা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে নির্যাতন করে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি কখনই দেশ ছেড়ে যাননি। আল্লাহ বেগম জিয়াকে সুস্থতা দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আপনারা সবাই আমাদের দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।
নগরীর ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাল্টুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলু জামান মোহন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি প্রমুখ। এ ছাড়াও মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এদিকে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রত্যেকটি দোয়া মাহফিল থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। একাধিক স্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলগুলোতে জননেতা মিজানুর রহমান মিনুসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


প্রকাশিত: December 8, 2025 | সময়: 6:55 am | সুমন শেখ