সর্বশেষ সংবাদ :

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন যুবক

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মন্টু সরদার (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি রোববার সকাল পৌণে দশটার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ভালকি রেল সেতু এলাকায় ঘটেছে। নিহত যুবক ওই ইউনিয়নের চক রোয়ার গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে ভালকি রেল সেতু এলাকার পশ্চিম পাশের মাঠে বাবাকে ভাত দিতে যায় মন্টু সরদার। বাবাকে ভাত দিয়ে ফেরার পথে ভালকি রেল সেতু পার হয়ে বাড়ি ফেরার সময় সেতুর উপরে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে রেল লাইন থেকে পাশে ছিটকে পরে ওই যুবক। মাথায় আঘাত পেয়ে সে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি রেল লাইন থেকে তুলে বাড়ি নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ঘটনার সময় আমি লাইনের কিছুটা দূরে বসে ভাত খাচ্ছিলাম। ছেলেটি বাবাকে ভাত দিয়ে ফিরে যাওয়ার সময় রেল ব্রিজের উপরে উঠলে ট্রেন দেখে তাকে আমরা ডাকাডাকি করি। কিন্তু সে কানে শুনতে না পেয়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়।
আক্কেলপুর রেল স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ভালকি রেল সেতু এলাকায় একজন ট্রেনে কাটা পড়েছে বলে খবর পেয়েছি। সান্তাহার রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


প্রকাশিত: December 8, 2025 | সময়: 6:49 am | সুমন শেখ