সর্বশেষ সংবাদ :

জুনিয়র হকি বিশ্বকাপ: আমিরুলদের সামনে ট্রফি জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক: ‘দেশের মানুষকে একটি ট্রফি উপহার দিতে চাই’, আত্মবিশ্বাস ভরা কণ্ঠে এমনই বললেন বাংলাদেশ জুনিয়র হকি দলের অধিনায়ক মেহরাব হাসান সামিন। ভারতের মাদুরাইয়ে আগামীকাল সন্ধ্যায় অস্ট্রিয়ার বিপক্ষে নামবে তার দল। এই ম্যাচটিকে শুধু ১৭তম স্থানের লড়াই ভাবলে ভুল হবে; এটিকে ঘিরেই রয়েছে ‘চ্যালেঞ্জার্স কাপ’ নামের একটি শিরোপা। আর সেই ট্রফি জিততে পারলে বাংলাদেশের হকির ইতিহাসে যুক্ত হবে নতুন এক অধ্যায়।
প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলতে নেমেই নজর কেড়েছে এই দল। স্থান নির্ধারণী পর্বে ওমানকে ১৩-০ গোলে বিধ্বস্ত করার পর দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়েছে যুবা বাংলাদেশ। অবিশ্বাস্য সাফল্য নিয়ে অধিনায়ক সামিন বলেন, ‘এতদূর আসব, এটা কেউ ভাবেনি। প্রতিটি ম্যাচ আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সবাই প্রাণপণ চেষ্টা করেছে বলেই আজ এখানে।’
এই অভিযানের সবচেয়ে উজ্জ্বল নায়ক স্ট্রাইকার আমিরুল ইসলাম। ‘হকির হামজা’ খ্যাত এই ফরিদপুরের ছেলে টুর্নামেন্টের পাঁচ ম্যাচে এখন পর্যন্ত করেছেন ১৫ গোল; চার ম্যাচে হ্যাটট্রিক। আমিরুলের স্পষ্ট লক্ষ্য, ‘এতো গোল করব ভাবিনি। এখন কেবল শেষ ম্যাচটা জিততে চাই। আমরা ১৭তম স্থানটা নিজেদের করতে চাই।’
বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হয় লড়াকু হার দিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হেরে। যেখানে দলের সব গোলই আসে আমিরুলের স্টিক থেকে। এরপর দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র এবং ফ্রান্সের কাছে ৩-২ গোলে হেরে গেলেও প্রতিটি ম্যাচে ছিল দারুণ লড়াইয়ের ছাপ। র‌্যাংকিং বলছে, বাংলাদেশ ২৯ নম্বরে এবং অস্ট্রিয়া ২১তম স্থানে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও কোরিয়াকে হারানোর আত্মবিশ্বাসের কারণে বিশ্লেষকদের চোখে আগামী ম্যাচে বাংলাদেশই ফেভারিট।
দলের হয়ে আলো ছড়াচ্ছেন শুধু সামিন বা আমিরুল নন। মুন্না, হোজাইফা, আমান, সিয়াম, দ্বীন ইসলাম, আশরাফুল; সবাই মিলে গড়ে তুলেছেন দুর্দান্ত দলীয় সামঞ্জস্য। তাদের সম্মিলিত চেষ্টাই এখন দেশকে উপহার দিতে পারে এক সম্ভাবনার ট্রফি।


প্রকাশিত: December 8, 2025 | সময়: 6:49 am | সুমন শেখ