আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা : নওগাঁ-৫ আসনে ধানের শীষ পেলেন জাহিদুল ইসলাম ধলু

স্টাফ রিপোর্টার, নওগাঁ: জেলার রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নওগাঁ-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এর মাধ্যমে নওগাঁর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর বাকি এই আসনটি নিয়ে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়। অবশেষে জাহিদুল ইসলাম ধলুর নাম ঘোষণা করায় স্বস্তি ফিরেছে তৃণমূলে। এর পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফাঁকা রাখা আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মনোনয়ন পেয়ে জাহিদুল ইসলাম ধলু বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আশাবাদী বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই আসন দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিবো। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করবো। তিনি আরও বলেন, তবে আমি মনে প্রাণে দোয়া করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসেন।
এবিষয়ে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাইকমান্ড এই আসনে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি অতি জনপ্রিয়। অন্য যারা মনোনয়ন চেয়েছিলেন তারাও জনপ্রিয় ছিলেন। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়ন বঞ্চিতরা এবার একসাথে হয়ে কাজ করবেন বলে আমি আশাবাদী। আমরা ঐক্যবদ্ধ থেকে নওগাঁর ৬টি আসনই বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে তারেক রহমানকে উপহার দিবো।
সংসদীয় এ আসন থেকে জাহিদুল ইসলাম ধলু ছাড়াও মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, বর্তমান জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রহমানসহ হাফ ডজনের বেশি নেতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফাঁকা রাখা আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ৩৬ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আসনগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু, সিরাজগঞ্জ-১ সেলিম রেজা, যশোর-৫ এম ইকবাল হোসেন, নড়াইল-২ মনিরুল ইসলাম, খুলনা-১ আমির এজাজ খান, বরিশাল-৩ জয়নাল আবেদিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ (রাউজান) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) নাজমুল মোস্তফা আমিন এবং চট্টগ্রাম-৯ আবু সুফিয়ান।


প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫ | সময়: ৯:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ