, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামে জোরপূর্বক জমি দখলে নিতে না পেরে এক বৃদ্ধ দম্পতিকে গাছের সঙ্গে বেঁধে মারপিটের অভিযোগ উঠেছে। পরবর্তীতে অভিযুক্ত যুবলীগ নেতা ও তার মাদকাসক্ত ভাতিজাদের অব্যাহত হুমকির মুখে গত ১৫ দিন ধরে নিজ বাড়িতে গৃহবন্দী অবস্থায় ছিলেন তারা। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভূক্তভোগী মোসলেম উদ্দিন (৭০) ও তার স্ত্রী খাদিজা বেগম (৬০) কে উদ্ধার করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানান, একমাত্র ছেলে ব্যবসার কাজে রাজশাহীতে থাকায় বৃদ্ধ মোসলেম উদ্দিন ও তার স্ত্রী বাড়িতে থাকেন। কিন্তু মোসলেম উদ্দিনের দুই ভাতিজা তৌকির ও তারেক মাঝে মাঝেই জোর করে তার বিভিন্ন জমি দখলে নেয়াসহ গাছপালা কেটে বিক্রি করে দেন। তাদের এসব কাজে বাধা দেয়ায় গত ২২ নভেম্বর সকালে তার চাচাতো ভাই জোয়াড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ হোসেন ও ওই দুই ভাতিজা বৃদ্ধ মোসলেম উদ্দিনকে মেহগনি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করে। পরে তার স্ত্রী খাদিজা বেগম তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও মারপিট করেন তারা। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।
এদিকে, ঘটনার পর থেকে হামলাকারীরা অব্যাহত ভাবে প্রাণনাশের হুমকি দেয়ায় ভয়ে তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। এমনকি নিরাপত্তাহীনতার কারণে তার একমাত্র ছেলেও বাড়িতে ফিরতে পারছেন না। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণমাধ্যম কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করেন।
এ বিষয়ে কথা বলার জন্য দুপুরে সংবাদকর্মীরা অভিযুক্তদের বাড়িতে গেলেও তাদের পাওয়া যায়নি। এ সময় তৌকির হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে তার স্ত্রী রিয়া খাতুন বলেন, জমি নিয়ে তাদের সঙ্গে ঝামেলা আছে। এ জন্যই গাছের সঙ্গে বেঁধে একটু মারপিট করা হয়েছে। কিন্তু তারা এটাকে বিরাট কিছু হয়েছে বলে প্রচার দিচ্ছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সাওরয়ার হোসেন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। ওই বৃদ্ধ দম্পতির যথাযথ নিরাপত্তা বিধান সহ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।