বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার মারা গেছেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বৃহস্পতিবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন বিকেল তিনটায় উপজেলার জয়নগর ইউনিয়নের ব্রহ্মপুর এলাকায় নিজ বাসভবনের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
পরিবারের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে নানা দুরারোগ্য রোগব্যাধিতে ভুগছিলেন তিনি।
আওয়ামী লীগের তৃণমূল থেকে উঠে আসা জনপ্রিয় এই নেতা ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত পরপর দুইবার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এলাকার সামাজিক ও উন্নয়নমুখী কাজে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মাদ নুরুজ্জামান লিটন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য জার্সিস হোসেন সোহেল, সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি শামীম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।