, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামে অবস্থিত ‘ডা. মেহেদী হাসান তমাল তুষার সমন্বিত মৎস্য খামার ও হ্যাচারি’-তে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার সকালে সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনায় খামার মালিকের ২০ লক্ষাধিক টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আত্রাইয়ের আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামে অবস্থিত খামারটির স্বত্বাধিকারী ডা. মেহেদী হাসান তমাল এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, সকালে তিনি খবর পেয়ে দ্রুত খামারে ছুটে আসেন। এসে দেখেন তাঁর ৭ নম্বর পুকুরের অসংখ্য দামি ও বড় প্রজনন মাছ মরে ভেসে উঠেছে। তিনি ধারণা করছেন, কোনো দুর্বৃত্ত দল পূর্বপরিকল্পিতভাবে তাঁর খামারে বিষ প্রয়োগ করেছে।
এ প্রসঙ্গে ডা. তমাল বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। আমাকে আর্থিকভাবে পঙ্গু করার এবং আমার দীর্ঘদিনের প্রচেষ্টাকে নষ্ট করার উদ্দেশ্যেই এই কাজটি করা হয়েছে। মরে যাওয়া মাছগুলো ছিল অত্যন্ত মূল্যবান প্রজনন মাছ। এতে আমার প্রায় বিশ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।