, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্নস্থানে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
পবা: রাজশাহী পবা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আশা অর্ধশতাধিক নারী-পুরুষ কর্মী অংশ নেন। কর্ম বিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার উঁচিয়ে নিজেদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা বলেন, মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা প্রদানে তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু নিয়োগসংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় তাদের কর্মপরিবেশ ও মানসিক চাপে নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া পদোন্নতি, বেতন কাঠামো ও জনবল সংকট দূর করার বিষয়েও তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন যে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যাগুলোর সমাধান করবেন।
মান্দা: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফ উদ্দিন আল আজাদ রুবেল, পরিবার কল্যাণ পরিদর্শিকা রীনা আফরোজা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান শেখ।
বক্তারা বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না।’
তাঁরা আরও বলেন, ‘আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই। সেজন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চাকরির শুরু থেকে এ পর্যন্ত লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করা হয়েছে। এতকিছুর পরেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি নিয়োগবিধি অতিদ্রুত বাস্তবায়ন চাই।’
নওগাঁ: সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়। নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক গোপাল চন্দ্রের সভাপতিত্বে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন- তিলকপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, দুবলহাটি ইউনিয়নের পরিবারকল্যাণ সহকারী হাদিয়া সুলতানা হাসি, চন্ডিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ইসমত আরা বেগমসহ অন্যরা।
পোরশা: নওগাঁর পোরশায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে কর্মরত কর্মচারীদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে টানা ১০ দিনের কর্মসূচি শুরু। উল্লেখ্য গত ২৬ বছর যাবত পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে কর্মচারীদের নিয়োগ বিধি না থাকায় তার ক্ষোভ প্রকাশ করে এবং অনতিবিলম্বে নিয়োগ বিধি বাস্তবায়ন চাই।
বড়াইগ্রাম: উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীররা। এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহমুদুল হাসান ও আবুল হোসাইন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মমতাজ খাতুন এবং পরিবার কল্যাণ সহকারী শেফালী খাতুন বক্তব্য রাখেন।
পত্নীতলা: দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা তিন পদমর্যাদার কর্মচারীদের দেশব্যাপী আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নওগাঁর পত্নীতলায় কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পালিত হয়।
কর্মসূচীতে নেতৃত্ব দেন ৩ পদমর্যাদার কর্মচারী সমন্বয় কমিটির সভাপতি এনামুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য (প্রতিনিধি) খন্দকার আব্দুর রাজ্জাক, পত্নীতলা উপজেলার সাধারন সম্পাদক আলী মুরতুজা, জেলা প্রতিনিধি মাসুদ মাজহার, এফডবব্লিউভি মুক্তা পারভীন, পরিবার কল্যান সহকারী শহিদা খাতুন, পরিবার কল্যান সহকারী রফিকা আকতার প্রমুখ।
এ সময় তাঁরা বলেন অবিলম্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি কার্যকর করার দাবীতে গত ২১ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কর্মসূচী পালন করে এবং ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম প্রদান করে। কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় পুনরায় সারাদেশে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তারা বলেছেন চাকুরী নিয়োগ বিধি না থাকায় এ বিভাগে একজন কর্মচারী একটি পদে যোগদান করে ২৫/৩০ বছর একই পদে চাকুরী করে অবসরে যেতে হয়। কাজেই চাকুরী নিয়োগবিধি কর্মকর্তা-কর্মচারীদের অধিকার। অবিলম্বে চাকুরী নিয়োগবিধি রুপরেখা বাস্তবায়ন করত তাদের কাজে ফেরার পথ সুগম করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।