বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আক্কেলপুর প্রতিনিধি: দীর্ঘদিনের দাবির অবসান হলো আজ। অবশেষে ঢাকাগামী (৮০৬ ডাউন) আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ট্রেনটি স্টেশনে থামলে মুহূর্তেই উৎসবে মেতে ওঠে স্থানীয় মানুষজন। স্টেশনজুড়ে দেখা যায় উচ্ছ্বাস, হাততালি আর শঙ্খধ্বনির মতো আনন্দধ্বনি। ট্রেন চালকদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন স্থানীয়রা।
সকাল নয় টায় ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করার সাথে সাথে বহুদিনের জমে থাকা অপেক্ষা যেন আনন্দের ঢেউ হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী সবাই এই বিরতিকে আক্কেলপুরবাসীর ‘যাতায়াতের নতুন দিগন্ত’ হিসেবে দেখছেন।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে তারা দাবি জানিয়ে আসছিলেন। এই যাত্রাবিরতি চালু হওয়ায় এখন থেকে আক্কেলপুর থেকে স্বাচ্ছন্দ্যে ঢাকায় যাওয়া যাবে। এতে সময় ও খরচ দুটোই বাঁচবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-নীলফামারী রুটে ২০২৩ সালের ৪ জুন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চালু হয়। এর পর থেকে জয়পুরহাট ও সান্তাহার রেল স্টেশনের যাত্রা বিরতী করে। এতে আক্কেলপুরে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছিলেন। এরই প্রেক্ষিতে গত ৩০ অক্টোবর রেলপথ মন্ত্রণালয় আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে যাত্রা বিরতির অনুমতি দেয়।
মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর রেলভবন গত ১০ নভেম্বর রেলওয়ের পশ্চিমাঞ্চলকে পত্র দিয়েছে। গত ১৭ নভেম্বর রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক আদেশে ১ ডিসেম্বর শুধু ঢাকা অভিমুখী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা থেকে ফিরতি পথে ট্রেনটির যাত্রা বিরতি রাখা হয়নি।
আক্কেলপুর পৌর এলাকার বাসিন্দা তৌফিক ইসলাম ঢাকা সিটি কলেজের ছাত্র। তিনি বলেন, ট্রেনটি যাত্রা বিরতী হওয়াই আমাদের ছাত্রদের এবং কর্মজীবি মানুষদের জন্য ঢাকা যাতায়াতের জন্য অনেক সুবিধা হলো। আমি আক্কেলপুর থেকে প্রথমবারের মতো এই ট্রেনে যাত্রা করলাম।
পাশের বদলগাছী উপজেলার গন্ধবর্বপুর গ্রামের লুৎফা নামের আরেক ঢাকাগামী যাত্রী বলেন, আমি গাজীপুরে থাকি। বহুদিনের আকাঙ্খা ছিল এই ট্রেন আক্কেলপুরে দাঁড়াবে। আজ সেটা পুরণ হলো। এতে আমরা কম সময়ে নিরাপদে ঢাকা পৌঁছাতে পারবো।
চিলাহাটি ট্রেন যাত্রা বিরতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রউফ মাজেদ বলেন, জয়পুরহাট-২ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল বারী সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় আজ আক্কেলপুরে চিলাহাটি এক্সপ্রেস যাত্রা বিরতী করলো। আমরা চিলাহাটি অভিমুখের (আপ) ট্রেনেও যাত্রাবিরতির জন্য কাজ করছি। খুব শিঘ্রই উভয় দিক থেকে এই স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতী করবে।
আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, চিলাহাটি-ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন যাত্রপথে একমুখী যাত্রা বিরতি করবে। ঢাকা থেকে থেকে চিলাহাটি ফিরতি পথে (আপ) যাত্রা বিরতি করবে না। ট্রেনটির ১১ টা শোভন চেয়ার এবং ১০ টি এসি আসন বরাদ্দ রাখা হয়েছে।
প্রথম দিনে ১০টি শোভন এবং ১টি এসি টিকিট বিক্রি হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে ট্রেনটি এই স্টেশন থেকে লাভজনকভাবে চলাচলাচল করবে। এই স্টেশনে ঢাকাগামী তিনটি ট্রেন (আপ-ডাউন) যাত্রা বিরতি করে।