সর্বশেষ সংবাদ :

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

স্টাফ রির্পোটার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। তারা কর্মবিরতি রেখে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদের হঠাৎ এ কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়েন। কেউ কেউ সময়মতো জরুরি সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, তাদের ন্যায্য দাবি বহু দিন ধরে উপেক্ষিত হচ্ছে। অথচ স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন। এখন কর্মবিরতির সময় কেউ ক্ষতিগ্রস্ত হলে বা কোনো রোগীর মৃত্যু হলে তার পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দশমগ্রেড বাস্তবায়নের ঘোষণা না এলে তারা পূর্ণাঙ্গ শাটডাউনে যেতে বাধ্য হবেন। আর একবার পূর্ণ শাটডাউনে গেলে দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যত থমকে যাবে।
মান্দা: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নওগাঁর মান্দা উপজেলায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএমটিএ নওগাঁ জেলার সভাপতি মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) অমল কুমার প্রামানিক, ডিপ্লোমা ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক (ফার্মাসিস্ট) ফয়েজ উদ্দিন, ফার্মাসিস্ট মনিরুল ইসলাম, ফার্মাসিস্ট সাইফুল ইসলাম টুকু। বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের নায্য দাবি মেনে নিয়ে ১০ম গ্রেট বাস্তবায়ন করতে হবে। এ দাবি মানা না হলে আগামী ৪ই ডিসেম্বর থেকে তারা সাটডাউন কর্মসূচি পালন করবেন। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।
ক্ষেতলাল: মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কর্মবিরতি পালনকালে বক্তা ছিলেন মেডিকেল কেনোলজিস্ট (ল্যাব) মোঃ ইসমাইল হোসেন, রুহুল আমিন, মেডিকেল কেনোলজিস্ট (আরজি) মোঃ লুৎফর রহমান, মেডিকেল কেনোলজিস্ট (ফার্মাসিস্ট) আ ই ম কামরুল ইসলাম, তোজাউর রহমান, জোলেখা খাতুন প্রমুখ।
‎নিয়ামতপুর: ‎দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ‎কর্মসূচিতে অংশ নেওয়া টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। ফলে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। ‎তাদের দাবি,স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও এখনো তারা ন্যায্য গ্রেড সুবিধা থেকে বঞ্চিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারীরা। ‎আন্দোলন পরিচালনা করছে,মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিয়ামতপুর, নওগাঁ।
ভোলাহাট: রোববার সকাল থেকেই ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতির কারণে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রাখেন। এতে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। উদ্ভূত সংকটে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রোগীরা। আন্দোলনরত ফার্মাসিস্ট মহসিন আলী, মেডিকেল টেকনোলজিস্ট জাকির হোসেন, ফার্মাসিস্ট সারোয়ার জামিল, মেডিকেল টেকনোলজিস্ট আবু সাইয়িদ জানান, বিগত তিন দশক ধরে তারা দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। কিন্তু তা বাস্তবায়নে সরকারের কোনও উদ্যোগ নেই। আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এবং বলেন, কেন্দ্রী ভাবে কর্মসূচির যে ঘোষণা আসবে তা পালন করা হবে বলে আন্দোলনরতরা জানান।


প্রকাশিত: December 1, 2025 | সময়: 7:27 am | সুমন শেখ