বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ভারতের ঘরোয়া ক্রিকেট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ব্যাট হাতে রীতিমতো টর্নেডো বইয়ে দিলেন পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মা। রোববার হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে বাংলার অভিজ্ঞ বোলিং লাইনআপকে নিয়ে ছেলেখেলা করে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বাঁহাতি ওপেনার। তার ১১টি বিশাল ছক্কায় সাজানো ইনিংসে ভর করে ইতিহাস গড়েছে পাঞ্জাব।
টসের পর ব্যাট করতে নেমেই বিধ্বংসী মেজাজে দেখা যায় অভিষেককে। টুর্নামেন্টের শুরুতে রান খরায় ভুগলেও এদিন তিনি ছিলেন অপ্রতিরোধ্য। বিশেষ করে আইপিএলে তার সাবেক সতীর্থ এবং বাংলার অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির ওপর দিয়ে ঝড় বয়ে যায়। শামির এক ওভারেই তিনি তুলে নেন ২৩ রান। মাত্র ১২ বলে ফিফটি পূর্ণ করেন অভিষেক, যা টি-টোয়েন্টি ইতিহাসের যৌথ তৃতীয় দ্রুততম। অবাক করা বিষয় হলো, ফিফটি ছোঁয়ার সময় তার ৫১ রানের মধ্যে ৫০ রানই এসেছিল বাউন্ডারি (৫টি ছক্কা ও ৫টি চার) থেকে।
সতীর্থ প্রভসিমরন সিংকে সঙ্গে নিয়ে মাত্র ৮ ওভারেই দলের স্কোর ১২০ পার করেন তিনি। প্রভসিমরনও ফিফটি হাঁকান। তবে সব আলো কেড়ে নেন অভিষেক। মাত্র ৩২ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম শতকের দেখা পান। এর মাধ্যমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তিনি রোহিত শর্মাকে (৮টি) ছুঁয়ে ফেললেন। তার ওপরে এখন শুধুই বিরাট কোহলি (৯টি)।
এছাড়া এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার নিজস্ব রেকর্ডটি ভেঙে নতুন উচ্চতায় নিয়ে গেলেন অভিষেক। গত বছর ৮৭টি ছক্কা মারলেও এবার তা ছাড়িয়ে গেলেন তিনি। ৩২ বলের এই সেঞ্চুরিটি কোনো ভারতীয়র পক্ষে তৃতীয় দ্রুততম। উল্লেখ্য, ভারতীয়দের মধ্যে দ্রুততম (২৮ বলে) সেঞ্চুরির রেকর্ডটিও যৌথভাবে অভিষেকের এবং উর্বিল প্যাটেলের দখলে।